দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির হোস্টেলে থাকা শিক্ষার্থী মেহেদী হাসানের মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি ও সড়ক অবরোধ পালন করেন।
রোববার (২১ জুন) সকাল ১১টার দিকে সোনাপুর চৌরাস্তা কলেজগেট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রামগঞ্জ চৌরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এবং বিক্ষুব্ধ জনতা প্রায় ৪ ঘণ্টা প্রধান সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যান চলাচল ব্যাহত হয়।
সমাবেশে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, ঘটনার পরও এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি, যদিও এ ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তারা সুষ্ঠু তদন্ত, দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা প্রশাসনের গাফিলতির সমালোচনা করে বলেন, মামলা দায়েরের পরও আসামিদের গ্রেপ্তার না হওয়া উদ্বেগজনক। তারা দ্রুত দৃশ্যমান অগ্রগতি না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
আন্দোলনকারীরা প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের আইনের আওতায় আনা না হলে লাগাতার আন্দোলন, সড়ক অবরোধসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তারা মেহেদী হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এ বিষয়ে পুলিশ জানায়, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে এবং তাদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোফ উদ্দিন চৌধুরী জানান, মামলা গ্রহণের পর আমরা আমাদের গ্রেফতার কার্যক্রম অব্যাহত রেখেছি। দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে পারবো।
এমএম/